ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক

ষ্টাফ রিপোর্টার

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এবার আগের মতো আমলা নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্বদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।

এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ২৫(ক)(১) অনুযায়ী করপোরেশন আনুষ্ঠানিকভাবে গঠিত না হওয়া পর্যন্ত তাঁরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও বলা হয়, ধারা ২৫(ক)(৩) অনুসারে এসব প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা পাবেন।

নিয়োগ পাওয়া প্রশাসকদের বেশির ভাগই বিএনপি–ঘনিষ্ঠ রাজনীতিবিদ। এর মধ্যে আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান যুবদল–এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনের বিএনপি প্রার্থী ছিলেন। ওই আসনে তিনি জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান–এর কাছে পরাজিত হন।

নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং খুলনা–২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল–এর কাছে পরাজিত হন।

সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি; গাজীপুরে নিয়োগ পাওয়া শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান দলটির মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি।

এই নিয়োগের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় রাজনৈতিক নেতৃত্বের প্রভাব আরও সুস্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *