গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফোনে নুরের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি।
এ তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রাত ৭টা ৪০ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের সঙ্গে কথা বলে তারেক রহমান তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নুরকে ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।









