হরমুজ প্রণালির নিরাপত্তা

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশই তার এ প্রস্তাবে সাড়া দেয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ একাধিক দেশকে ওই এলাকায় নৌযান পাঠানোর অনুরোধ জানান। তার মতে, বহুপাক্ষিক উপস্থিতি হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, ট্রাম্প যেসব দেশের কথা উল্লেখ করেছেন তাদের কয়েকটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রণালির চলাচল স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। তবে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয়নি। চীনের দূতাবাসের একজন মুখপাত্র জানান, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সবার দায়িত্ব এবং উত্তেজনা কমাতে চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

বর্তমানে হরমুজ প্রণালি বাস্তবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাইরে অন্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে অন্তত ১০টি তেলবাহী ট্যাংকার হামলার মুখে পড়েছে বা হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় প্রায় এক হাজার তেল ট্যাংকার হরমুজ প্রণালির আশপাশে আটকে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছে। বিশ্লেষকদের মতে, চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *