আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলছে একের পর এক নাটকীয় ঘটনা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং তাদের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।
তবে পরিস্থিতির নতুন মোড় ঘুরতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে—পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে ফের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে একজন আইসিসি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে ‘এ’ গ্রুপে তাদের জায়গায় বাংলাদেশকে রাখা হবে। সে ক্ষেত্রে বিসিবির অনুরোধ অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে, যা লজিস্টিক ব্যবস্থাপনায়ও সুবিধা দেবে।”
এই তথ্য প্রকাশের পর বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব নজর এখন পাকিস্তানের সিদ্ধান্তের দিকে।
অন্যদিকে, পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ বর্জন করে, তবে কড়া শাস্তি পেতে পারে বলে জানিয়েছে আইসিসি। এমন সিদ্ধান্ত নিলে শুধু টি–টোয়েন্টি বিশ্বকাপ নয়, এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়া হতে পারে।









