টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে দুর্বৃত্তদের কোপে লিলি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান উত্তমের স্ত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনিছুর রহমান উত্তম প্রতিদিনের মতো সন্ধ্যায় নামাজ শেষে তাদের বিস্কুট ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। এসময় ওঁত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লিলিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ফ্যাক্টরির বাইরে দুজন ও ভেতরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, আসল লক্ষ্য ছিল আনিছুর রহমান উত্তমকে হত্যা করা।

এ ঘটনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গভীর শোক প্রকাশ করে বলেন, এখনো কেউ দায় স্বীকার করেনি এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পরিষ্কার নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *