গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুটি কারখানায় এ ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের দাবি, ‘মা আওয়ার টাওয়ার’ ও ‘আলম টাওয়ারে’ অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের মধ্যে বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ বেশি দেখা গেছে। জরুরি বিভাগে একসঙ্গে বহু রোগী আসায় কিছুক্ষণ হাসপাতাল চত্বরে চাপের সৃষ্টি হয়।
স্থানীয় ও কারখানা–সংশ্লিষ্ট সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রোববার সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। সোমবার কাজ শুরু করেও পুনরায় আন্দোলনে ফেরেন তারা। এর মধ্যেই বুধবার সকালে হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, “অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ পাওয়া গেছে। এখন অধিকাংশই আশঙ্কামুক্ত।”
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারখানা কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা মো. সুজন বলেন, “তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।”
এদিকে, ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এখনও উদ্বেগ বিরাজ করছে।









