জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে দাখিল করা এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, রিট আবেদনটি আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।
এদিকে, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়েও আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির গণভোটকে অবৈধ ঘোষণা এবং ১৩ ফেব্রুয়ারির ফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আরেকটি জনস্বার্থ রিট দায়ের করেন।









