জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে ত্রয়োদশ জাতীয় সংসদে সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে সংশ্লিষ্ট বিল। বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উপস্থাপন করেন এবং পরে তা কণ্ঠভোটে পাস হয়।
‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ পাস হওয়ার ফলে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে থাকা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা ও আইনি কার্যধারা প্রত্যাহারের আইনি পথ সুগম হলো। নির্ধারিত বিধান অনুযায়ী এসব অভিযোগ বাতিল করা হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে নতুন কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনগতভাবে নিষিদ্ধ হিসেবে গণ্য হবে।
একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়। এই সংশোধনী কার্যকর হওয়ায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। নতুন বিধান অনুসারে এখন থেকে ব্যক্তি বা সত্তার পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পাবে সরকার।









