জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই যোদ্ধাদের’ জন্য পৃথক একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান–২০২৪ এ শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, “জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে। জনগণের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারলে তাদের কষ্ট লাঘবে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে।
“আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২০২৪ সালের জুলাইয়ের শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে,”—যোগ করেন তিনি।

গণঅভ্যুত্থান ২০২৪–এর হতাহতদের বেদনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়। তবে রাষ্ট্রীয় উদ্যোগে দুইভাবে সহায়তার পরিকল্পনা করা যেতে পারে—
১. আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা।
২. দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, “দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে। বিএনপি সেই দায়িত্ব অনুভব করে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”

ফ্যাসিবাদের ভয়াবহতা উপেক্ষা করে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের লক্ষ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা—উল্লেখ করে তারেক রহমান বলেন,
“আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোকের মিছিল থামবে না। তাই আর শোক নয়—এসো, আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাঁথা রচনা করি।”

তিনি সতর্ক করে বলেন, “যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিষয়ে গণতন্ত্রপ্রিয় মানুষকে সজাগ থাকতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর