জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোটে আরও দুটি নতুন রাজনৈতিক দল যুক্ত হয়েছে। এগুলো হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন দুটি দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে—এলডিপি ও এনসিপি।”
তবে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কেউ উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জামায়াত আমির জানান, এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ও পরবর্তী কর্মপন্থা জানাবে।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আট দলীয় জোটের শীর্ষ নেতারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।









