জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ বহু আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে চেয়ে আছে। তাই আল্লাহর নামে শপথ করে আমাদের অঙ্গীকার করতে হবে—আগামী দিনের প্রতিটি কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ইফতারের আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বহু মানুষ জীবন দিয়েছে, নানা অত্যাচার–নির্যাতন সয়েছে, গুম–খুনের শিকার হয়েছে—তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদের হতে হবে। এ পথেই আগাতে হবে সবাইকে।

ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান পাশাপাশি বসেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন দলের নেতা, সাংসদ, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা যোগ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *