জাপানের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটে শিমান প্রিফেকচারে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এএফপির খবরে জানানো হয়েছে, ভূমিকম্পের পরেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটি মধ্যম মাত্রার হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে উল্লেখ করেছে।
ইয়াসুগি শহরে কম্পনের মাত্রা ‘শিন্দো স্কেলে’ পাঁচের বেশি ছিল, যা এমন শক্তির নির্দেশ দেয় যেখানে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং যানবাহনের চালকদের স্টিয়ারিং নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে।
জেএমএ আরও জানিয়েছে, একই এলাকায় ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবুও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থান করা জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় প্রায়ই কম্পন অনুভূত হয়। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের এই দ্বীপদেশে বছরে প্রায় ১,৫০০ ভূমিকম্প রেকর্ড করা হয়, যাদের বেশিরভাগই স্বল্পমাত্রার।









