বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়, কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। তাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং দেশকে নতুন করে গড়ে তোলারও সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে জনগণ হারানো দিনের অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, এতে কৃষকরা সহজে ঋণ, সার ও বীজ পাবেন। ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া সরকার গঠন করা হলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারেক রহমান।









