চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভোলাহাট ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত অর্ধশত নেতাকর্মী বিএনপিতে শামিল হন।
যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান জানান, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করতে তারা বিএনপিতে এসেছেন।
নতুনদের স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









