চট্টগ্রাম নগরে চাঁদা না দেওয়ায় শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাসভবনে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুলির সময় ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা বাড়িতে থাকলেও কেউ হতাহত হয়নি। ঘটনাটির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে একটি মাইক্রোবাসে মুখোশধারী আটজন সন্ত্রাসী এসে মুজিবুর রহমানের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসার সামনে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। চাঁদাবাজির বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে। পুলিশ জানায়, চাঁদা না পেলেই সাজ্জাদ বাহিনী গুলি করে থাকে; নগরের চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশসহ পাঁচটি থানার ৫ লাখের বেশি মানুষ তার বাহিনীর আতঙ্কে বাস করে।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি মুজিবুর রহমান জানান, দেড় মাস আগে বড় সাজ্জাদের পরিচয় দেওয়া এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করেছিলেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বড় সাজ্জাদ বলেন, তিনি গুলির ঘটনায় জড়িত নন; তবে যারা করেছে “ভালোই করেছে” বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, মুজিবুর রহমান ছাত্রলীগের বড় অনুদানদাতা এবং সীতাকুণ্ডের বিএম কেমিক্যাল প্লান্ট বিস্ফোরণে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে মাইক্রোবাসযোগে আসা সন্ত্রাসীরা বাড়ির গেট ও পেছনের অংশ লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ব্যবসায়ী মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্মার্ট গ্রুপের মালিক, যার পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।









