চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তালিকা প্রণয়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চাঁদাবাজদের একটি আলাদা তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও একটি স্বচ্ছ তালিকা তৈরি করা হচ্ছে, যাতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায়।

মন্ত্রী জানান, এই কার্যক্রম রাজধানী ঢাকা থেকে শুরু হলেও সারাদেশেই আইনশৃঙ্খলা বাহিনী একইভাবে অভিযান পরিচালনা করবে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না এবং সবকিছু আইনের নিয়মে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পরিকল্পনা অনুযায়ী দ্রুতই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *