চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার ধানের শীষ প্রতীক পুনর্বহালেরও নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল করে এ অভিযোগ উত্থাপন করেছিলেন। যদিও শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন।
ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন সরোয়ার আলমগীর। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন।
জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম জানান, সরোয়ার আলমগীরের বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ নেই। ব্যাংকের চাহিদা অনুযায়ী তিনি প্রিমিয়ার লিজিংয়ের কাছে তিন কোটি টাকা পরিশোধ করেছেন এবং ঋণ পুনঃতফসিলও সম্পন্ন হয়েছে।
রিটে ইসির ১৮ জানুয়ারির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি সিদ্ধান্তটি স্থগিত করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ারও আবেদন জানানো হয়েছে।









