নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন তার ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম আইভ্যাকে ভিসা প্রদান কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
হাইকমিশন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা সেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে।
এছাড়া যেসব আবেদনকারী পূর্বনির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









