চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ঘটনায় দুজনের প্রাণহানি হলো। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগম মারা যান।

নিহতের স্বজন সোহাগ পাটোয়ারী জানান, সাফায়েত হোসেন শাওনের শরীরের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল পর্যন্ত কথা বলতে পারলেও সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দগ্ধ আরও সাতজনের অবস্থাও গুরুতর।

সোমবার ভোরে হালিশহর এলাকার ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *