চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয়দের দাবি, তিনিও জামায়াতের সক্রিয় কর্মী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ জামাল উদ্দিন ও নাসিরের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন নিহত হন। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের মতে তারা দু’জনই জামায়াতের কর্মী। তবে বিষয়টি এখনো যাচাই করা হচ্ছে। হামলাকারীদের পরিচয়ও শনাক্ত করা যায়নি।”
পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।









