ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। জানালা ভেঙে ঘরে ঢুকে চোরেরা মালামাল লুট করে নিয়ে যায়। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, একই দিন শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুজন হামলাকারী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই শুক্রবার বিকেলে তার পরিবারের সদস্যরা ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।









