গুম-খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে : তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

গুম ও খুনের বিভীষিকাময় সময় বাংলাদেশের রাজনীতিতে এখন অতীত—এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনও গুপ্ত বা সুপ্ত পরিচয়ে কাজ করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে দল সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। “ফ্যাসিবাদী আমলে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে। যারা দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই,”—বলেন তিনি।

গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেশবাসী দেখেছে। তারপরও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্য ধরে এগোবে। জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় গেলে গুম-খুনের শিকারদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চাইছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা রোধের যেকোনো অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।

মতবিনিময় সভায় সারা দেশ থেকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের স্বজনরা অংশ নেন। তারা ন্যায়বিচার ও সঠিক তদন্তের দাবি জানান। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক সংগঠন দুটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর