গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় অবস্থিত শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড (বুলবুল নিটিং নামেও পরিচিত)–এর কয়েকশ শ্রমিক আন্দোলনে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আগস্ট মাসের বেতন ও নাইট বিল বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও টাকা পরিশোধে টালবাহানা করায় শ্রমিকরা সড়কে নামেন। তারা কারখানার পাশের ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরাতে লাঠিচার্জ করলে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না। এদিকে মালিকপক্ষ ইতোমধ্যে মেশিনপত্র সরিয়ে নিতে শুরু করেছে। তাই কোনো প্রতিশ্রুতি না পেয়ে তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল শুরু হয়।”

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *