ইসরায়েলের একাধিক বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে শনিবার কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর—বিবিসি।
হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেখানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
ফিলিস্তিনিদের দাবি, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পর এটাই সবচেয়ে বড় হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়, আর চলতি বছরের শুরুতে শুরু হয় দ্বিতীয় ধাপ।
ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার বিষয়টি স্বীকার করে জানায়, আগের দিন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় পাল্টা অভিযানে এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আগেও একে অপরকে দোষারোপ করেছে দুই পক্ষই।
ইসরায়েলের দাবি, পূর্ব রাফার ভূগর্ভস্থ স্থাপনাগুলো থেকে সশস্ত্র কয়েকজনকে বের হতে দেখা যাওয়ার পর বিস্ফোরক গুদাম, অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
অন্যদিকে হামাস এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এসব হামলা দেখায় যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরভাবে বজায় নেই।
গাজা নগরীর শিফা হাসপাতাল জানিয়েছে, এক আবাসিক ভবনে বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।









