গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তিনজনের একটি দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। দ্রুত মোটরসাইকেলে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুকুরে পড়ে থাকা দুজনকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। ঘটনাস্থলেই মারা যান তারা। দলের অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
সাদুল্লাপুর থানার ওসি আলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দল কাজ করছে, তারা এলে বিস্তারিত জানা যাবে।









