বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণভোট আয়োজিত হলে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেবে। তিনি বলেন, নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে বিএনপি সবসময় ইতিবাচক অবস্থানে রয়েছে এবং সংস্কারের দাবিটি বিএনপিই সবার আগে তুলেছিল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন—সংবিধানে এমন স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করছেন।
তিনি বলেন, “আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। বিষয়টি যেন জটিল না হয়, সে বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।”তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট বর্ণানুক্রমে সাজানো হয়নি, ফলে কয়েকটি রাজনৈতিক দলের নাম অগ্রাধিকার পেয়েছে। এটি ইচ্ছাকৃত বলেও মন্তব্য করেন তিনি। একই ধরনের অনিয়ম যেন সাধারণ ব্যালটেও না ঘটে, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন—যদিও তা রাজনৈতিক সফর ছিল না। “বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সহযোগিতা করছে, কিন্তু অন্য দলগুলো নিয়মিত প্রচারণা চালাচ্ছে, সেখানে ইসির কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না,” বলেন তিনি।
তিনি জানান, প্রত্যন্ত এলাকায় বিএনপি প্রার্থীদের নোটিশ দেওয়া হলেও বড় শহরগুলোতে আচরণবিধি লঙ্ঘনের পরও অন্যান্য দলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।









