আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’-এর প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, “বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি।”
তারেক রহমান অভিযোগ করেন, গত কয়েক সরকারের মেয়াদে মেগা প্রকল্পের নামে হয়েছে ‘মেগা লুটপাট’। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় এলে লুট হওয়া অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আরও বলেন, “আগে নিশি রাতে ভোট হয়েছে—এ বর্বরতার পুনরাবৃত্তি আর হতে দেব না।”
তিনি জানান, রেজিস্টার্ড এনজিওগুলোর কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে যারা পরিশোধ করতে পারছেন না, বিএনপি সরকার গঠন করলে সেই ঋণ পরিশোধে সহায়তা করবে।
রংপুর অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানে খনিজ সম্পদ এবং কৃষি উভয় খাতেই রয়েছে বিশাল সম্ভাবনা। কৃষিজাত শিল্প স্থাপন, শিল্প উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা এবং বড় আইটি কোম্পানিগুলোকে রংপুর অঞ্চলে কারখানা স্থাপনে উৎসাহ দেওয়া হবে।
তিনি বলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলকে সমৃদ্ধ করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা কৃষিতে নতুন বিপ্লব ঘটাবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দেন তিনি।
জুলাই আন্দোলনে নিহত তরুণদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৪ শ’ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে—দেশের মানুষ তা কখনও ভুলবে না।”
তিনি আরও বলেন, পরিবর্তনের জোয়ার এসেছে, এখন দায়িত্ব হলো—সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটকেন্দ্র পাহারা দিন। আপনার ভোট যেন কেউ ছিনতাই করতে না পারে।”
তারেক রহমান নারী সমাজকে দেশের উন্নয়নের মূলশক্তি উল্লেখ করে গৃহিণীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রদান এবং জমি অনুযায়ী ফসলের বীজ-সার সরবরাহের প্রতিশ্রুতিও দেন তিনি।
রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন নেতাকর্মী ও হাজারো মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।









