খুলনায় সাবেক শ্রমিক দল নেতা‌কে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হামলার সময় দুর্বৃত্তরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পর পালানোর সময় স্থানীয়দের সহায়তায় আশোক নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *