খুলনা মহানগরীর একটি ক্লিনিক থেকে চারদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে পুলিশ নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়। এরপর বিকেলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সাঁড়াশি অভিযান চালিয়ে রূপসা ইস্পাহানী গলি থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ জানান, সিসি টিভি ফুটেজে সন্দেহভাজন এক নারীর গতিবিধি দেখে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নবজাতকের মা ফারজানা আক্তার জানান, সন্তান জন্মের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ার পর সাড়ে ১২টার দিকে ঘুম থেকে জেগে দেখেন শিশুটি নেই। পরে চিৎকার শুরু করলে বিষয়টি সবার নজরে আসে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলার এক নারী তৃতীয় তলা থেকে শিশুকে কাপড়ে জড়িয়ে নিচে নেমে যাচ্ছে। পরে সেই সূত্র ধরে পুলিশ নবজাতককে উদ্ধার করে।
শিশুটির বাবা সুজন মিয়া বলেন, তাদের আগের দুই সন্তান মারা গেছে। এবার চারদিন আগে ছেলে সন্তান জন্ম নেয়। সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা ভেঙে পড়লেও আবার কোলে ফিরে পাওয়ায় আনন্দ অশ্রুতে ভেসেছেন তারা।
ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, পুলিশের দ্রুত তৎপরতায় নবজাতককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









