বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই তাদের চেতনা দমন করা সম্ভব নয়; বরং এ ধরনের হত্যাকাণ্ড সেই আদর্শকে আরও দৃঢ় করে তোলে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার দাবি, যারা হাদির বিরোধিতা করেছিল তারা প্রকৃত অর্থে দেশের স্বার্থের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। কারণ হাদি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির রক্ষাকর্তা হতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরই। কোনো ষড়যন্ত্রকারীকে দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায়বিচারের পক্ষে কথা বলেছেন এবং প্রতিপক্ষের প্রতিও অবিচার না করার নীতি ধারণ করেছেন।
জামায়াত আমিরের মতে, বিপ্লবীদের হত্যা করে আদর্শকে নিঃশেষ করা যায় না; বরং তা আরও প্রসার লাভ করে। হাদির জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।
সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করার পাশাপাশি বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে ব্যর্থতা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।









