খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুরে পৌঁছে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি। পরে সাহাপাড়ায় স্বচক্ষে খাল খনন কাজের সূচনা করতে কোদাল হাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তারা মনে করছেন, খাল পুনঃখনন হলে দীর্ঘদিনের পানির সংকট দূর হবে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যান এবং তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ এই খাল খনন কর্মসূচির ঐতিহাসিক শিকড় রয়েছে জিয়াউর রহমান–এর উদ্যোগে। ১৯৭৭ সালে তিনি সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল বর্ষায় অতিরিক্ত পানি সংরক্ষণ ও শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করা। সেই সময়ে দেশজুড়ে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *