ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনও বেঁচে আছেন। যতদূর আমি জানি তিনি নিহত হননি।
লাইভ বক্তব্যে আরাঘচি আরও বলেন, হামলায় দুই কমান্ডার মারা গেছেন। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেঁচে গেছেন।
তিনি বলেন, সকল উচ্চপদস্থ কর্মকর্তা বেঁচে আছেন। তাই সবাই এখনও তাদের অবস্থানে আছেন। আমরা এই পরিস্থিতি মোকাবেলা করছি এবং সবকিছু ঠিক আছে।
এর আগে চ্যানেল ১২ জানায়, এর কিছুক্ষণ আগে ইসরায়েলের মূল্যায়ন ছিল যে খামেনি অন্তত আহত হয়েছেন। এই মূল্যায়ন স্যাটেলাইট চিত্রে তার প্রেসিডেন্ট কম্পাউন্ড ধ্বংস হয়ে যাওয়ার ভিত্তিতে নয়, বরং অজ্ঞাত সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে করা হয়েছে।









