খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে ইউপিডিএফ। এ কারণে সেনাবাহিনী ওই এলাকায় একটি দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে টহলদল ইউপিডিএফের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল সেনাবাহিনীর টহলদলের ওপর গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্ম এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দুর্গম এলাকা হওয়ায় ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।









