খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত ও সেনা-পুলিশ সদস্যসহ বহুজন আহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীই ছাড় পাবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, নিহত তিনজনের লাশ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে। জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি থাকায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে রোববার দুপুরে ১৪৪ ধারা চলাকালেই গুইমারার রামসু বাজারে সংঘর্ষ বাধে। এ সময় দুষ্কৃতকারীরা বাজারে আগুন ধরিয়ে দিলে কয়েকটি দোকান ও পাশের বসতঘর পুড়ে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে দুপুরে জুম্ম ছাত্র জনতা সড়ক অবরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে পরিণত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *