হলফনামার তথ্য

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, তার হাতে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা এবং এক লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার। এছাড়া ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে তার নিজের নামে, যার মূল্য দেখানো হয়েছে ২৭ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. শফিকুর রহমানের মোট সম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। তিনি ঢাকা-১৫ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। কৃষি খাত থেকে তিনি বছরে আয় করেন তিন লাখ টাকা। বর্তমানে তার মালিকানাধীন মোট সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা।

এ ছাড়া তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার ব্যক্তিগত ইলেকট্রনিক পণ্য রয়েছে দুই লাখ টাকার, সাড়ে চার লাখ টাকার মূল্যের একটি যানবাহন এবং দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্রও হলফনামায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ হিসেবে তিনি দেখিয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা।

হলফনামায় তিনি উল্লেখ করেন, “আমি একক বা যৌথভাবে কিংবা পরিবার-স্বজনের পরিচয়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর