কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজধানীর কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। এ পর্যন্ত ভবনটি থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনো ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ঘন ধোঁয়ার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বেজমেন্টে থাকা প্রতিটি গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে আগুন যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগা ভবনে কোনো ধরনের দাহ্য কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার সংলগ্ন ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের নিচতলায় জুট, পোশাকসহ বিভিন্ন সামগ্রীর গুদাম রয়েছে এবং ওপরের তলাগুলোতে আবাসিক ব্যবস্থা রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি জানান, ভবনটির অনুমোদন ও নকশা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। গ্যারেজ হিসেবে নির্ধারিত জায়গা অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর