পুলিশের কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে-ই হোক—রাজনৈতিক বা সামাজিক—কেউ পুলিশের কাজে অবৈধভাবে বাধা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের কার্যক্রমও এমনভাবে পরিচালিত হবে যাতে জনগণের ভোগান্তি না বাড়ে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সবসময় বলি পুলিশ জনগণের বন্ধু। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই বাস্তবতা বদলাতে আমরা পুলিশ বাহিনীকে সংস্কারের কাজ শুরু করেছি। মনোবল বৃদ্ধি ছাড়া সেই সংস্কার সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শুধু পুলিশ নয়—রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই ক্ষতির মুখে পড়ে। গণঅভ্যুত্থানের পর জনগণের যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করতে হবে। “আমরা সেই লক্ষ্যে মোটিভেশনাল ওয়ার্ক করছি,” যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাহস যোগাবেন এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেবেন। “পেছনে তাকালে চলবে না, সামনে লক্ষ্য রেখে এগোতেই হবে,” বলেন তিনি।









