জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভোটকেন্দ্র দখল বা ভোট চুরির কোনো চেষ্টা হলে তারা তা প্রতিরোধে প্রস্তুত। তিনি বলেন, “কেউ কেন্দ্র দখল করলে কিংবা ভোট চুরি করতে এলে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকব না। সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। শেষ পর্যন্ত মাঠে থাকব; কোনোভাবেই মাঠ ছাড়ব না। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ১১ দলীয় জোটই জানাবে।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ভুয়া খবরের বিস্তার ঘটছে এবং যাদের নিরপেক্ষ থাকার কথা, তাদের মধ্যেও পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় এনসিপির প্রার্থীদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সুষ্ঠু ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, টাকার আড়ালে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং সামান্য অঙ্ক উদ্ধার দেখিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্তা করা হচ্ছে। তার ভাষায়, “বাসায় গিয়ে টাকা বা ল্যাপটপ উদ্ধারের নামে নাটক সাজানো হচ্ছে। ১১ দলীয় জোট ও প্রার্থীদের ফাঁসাতে নানা চেষ্টা চলছে। ভোটারদের সঙ্গে যারা অর্থ লেনদেন করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
যৌথবাহিনীর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় মজুত অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী ও সেনাবাহিনী ভোটারদের স্বস্তি দিয়েছে। তিনি রাতের মধ্যেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান, যেন ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কিছু মিডিয়া আবারও আগের পক্ষপাতদুষ্ট অবস্থায় ফিরে যাচ্ছে এবং নির্দিষ্ট দলের ভুল তথ্য ছড়াতে সহযোগিতা করছে। তিনি সতর্কতার সুরে বলেন, “আমরা খেয়াল রাখছি কারা এসব করছেন। আগের মতো আর ছাড় দেওয়া হবে না।”









