কুষ্টিয়ার সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসুস্থ লিটনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে পিপুলবাড়িয়া মাঠের কাছে যাত্রীছাউনির সামনে গাছ ফেলে রাস্তা অবরোধ করে পাঁচ-ছয়জনের ডাকাতদল। তারা দেশীয় অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সচালক ও ভেতরে থাকা চারজনকে জিম্মি করে অর্থ ছিনিয়ে নেয়।

অ্যাম্বুলেন্সচালক রতন আহমেদ জানান, রাত ১টার দিকে রোগী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে ডাকাতরা গাড়ি থামিয়ে তার গলায় ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে যায় এবং কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

রোগীর স্বজন জালাল জানান, তারা চালককে কাতলামারী পথ এড়িয়ে যেতে বললেও তিনি ওই পথেই যান। পথে ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে লিটন নামের ওই রোগী হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হচ্ছিল। পথে ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *