কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে স্থানীয় মণ্ডল ও সর্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিহতরা সর্দার গ্রুপের সদস্য।

নিহতরা হলেন— ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তার ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সারফান সর্দার। গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আহত চারজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *