কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় রুট পারমিট জটিলতাকে কেন্দ্র করে বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুরসহ দূরপাল্লা ও স্থানীয় সড়কগুলোতে পরিবহন বন্ধ রয়েছে।

জানা গেছে, জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাস মালিক সমিতির অভিযোগ, আইদি পরিবহন প্রয়োজনীয় রুট পারমিট ছাড়াই কুমিল্লার টার্মিনাল ব্যবহার করার চেষ্টা করছে।

ধর্মঘটের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলম জানান, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে তাদের বাস চালু করা হয়। কিন্তু কুমিল্লা মালিকদের একটি সিন্ডিকেট শুরু থেকেই বাধা সৃষ্টি করে আসছে। রুট পারমিট না পাওয়ায় তারা ফেব্রুয়ারি থেকে জাঙ্গালিয়া টার্মিনাল বন্ধ রেখে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সার্ভিস পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, আইনগত বাধা না থাকলেও এখনও কুমিল্লা জেলা প্রশাসন অনাপত্তিপত্র দিচ্ছে না।

এ বিষয়ে কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আইদি পরিবহন চাঁদপুর থেকে অনুমতি নিলেও কুমিল্লা থেকে রুট পারমিট নেয়নি। তা সত্ত্বেও তারা টার্মিনাল ব্যবহার করতে চাইছে। বিজয় দিবসের দিন ও বুধবার বাস চালানোর চেষ্টা করায় বৃহস্পতিবার সকাল থেকে তিন টার্মিনালেই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মঘট নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান চললেও সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর