কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ সড়ক অবরোধ করেন।

এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, রাস্তা অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন সব আটকে গেছে সড়কে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ এ বিষয়ে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

ফেসবুকে এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।

এক্ষেত্রে বিকল্প রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে:
১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান
১- গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে।
অথবা
৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা ওপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *