ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোসলে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। তার মৃত্যুতে সংগীতপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম বহুমুখী ও আইকনিক প্লেব্যাক গায়িকা হিসেবে পরিচিত ছিলেন আশা ভোসলে। আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয় সংগীত, লোকগান, পপ ও গজল—সব ধরনের ধারায় তার অসাধারণ দক্ষতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণসহ অসংখ্য স্বীকৃতি অর্জন করেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভের মাধ্যমে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান। সাত দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় থেকে তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, আর তার প্রয়াণে শেষ হলো এক সোনালি অধ্যায়ের।









