সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্য সুদানের কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।
রোববার (১৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুদানের সেনাবাহিনী এ হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এ ধরনের হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জাতিসংঘের ওই স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার আমি তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’ তিনি আরও বলেন, দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। তিনি জাতিসংঘকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।









