ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ‘জুলাই যোদ্ধা’ শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, ওসমান হাদির পরিবারের অনুরোধের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির কবর অবস্থিত এবং ওই এলাকায় আরও কয়েকজন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীর সমাধি রয়েছে।
এ ছাড়া, হাদির দাফন ঘিরে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও সিন্ডিকেট বৈঠকে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।








