কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। নুর কামাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একই ক্যাম্পের আই-ব্লকে এই সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গতরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নুর কামাল। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং নিজস্ব বাহিনী গড়ে ক্যাম্প ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এপিবিএন অধিনায়ক আরও বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট দুর্বৃত্তরা পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, গত কয়েক মাস ক্যাম্প এলাকায় পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এতে রোহিঙ্গা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, “রাতে হঠাৎ গুলির শব্দে পুরো ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা শান্তিতে থাকতে চাই। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”









