মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক কুয়েতপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামে কুয়েতপ্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা আব্দুর রাজ্জাক জানান, রাত আড়াইটার দিকে প্রায় ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতদের হাতে দা, চাইনিজ কুড়াল ও শটগানসহ বিভিন্ন অস্ত্র ছিল।
তিনি আরও জানান, ডাকাতরা ঘর থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ আনুমানিক পাঁচ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ১১ প্রো এবং একটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হান্নান বলেন, ‘খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’









