ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শায়েস্তাগঞ্জ থানায় বসে “আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি” ধরনের মন্তব্য করে থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহদী হাসান হবিগঞ্জ সদরের বাধই গ্রামের মাওলানা আবু তয়বের ছেলে।

এর আগে, তার শায়েস্তাগঞ্জ থানায় দেওয়া বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

শনিবার দুপুরে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয়, মাহদী হাসানের বক্তব্য সংগঠনের আদর্শবিরোধী এবং জনপরিসরে নেতিবাচক প্রভাব ফেলেছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়। পাশাপাশি কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা লিখিতভাবে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগেই তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে মাহদী হাসান বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন। ওই সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বলেন, “আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। প্রশাসন আমাদের লোক। আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন, আবার প্রশ্নও তুলছেন?”

তিনি আরও বলেন, “আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। কোন সাহসে আপনি এই কথা বললেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর