ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুরোধে তা পিছিয়ে দুপুর ২টায় শুরু করার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।
গত ১২ ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিতে নিহত হন হাদি। জুমার নামাজ শেষে প্রচার কার্যক্রম শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার এক সহযোগী চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।









