ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ঘটনার পর দেশে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তিনি সংযম বজায় রাখার আহ্বানও জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) নিউইয়র্কে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় মহাসচিব গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে গুতেরেস ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা কমানো এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কও হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান বিন হাদির মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
তিনি আরও বলেন, প্রতিশোধের রাজনীতি কেবল বিভক্তি বাড়াবে এবং মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। তাই দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।









